আজিজুল হক নিউটন :
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণই পারে তরুণ সমাজকে সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে।
গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি সমিতি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ৫৪তম শীতকালীন ক্রিকেট (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের স্লোগান ছিল “ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”।
অতিরিক্ত পুলিশ সুপার মামুন বলেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায় ও অত্যাচার দূর করতে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গড়তেও খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দিতে হবে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হবে এবং তারা খারাপ সঙ্গ ও মাদক থেকে দূরে থাকবে।
তিনি আরও বলেন, ময়মনসিংহ শিক্ষা নগরী হিসেবে পরিচিত। এই জেলার তরুণ-তরুণীরা ক্রীড়া ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, যাতে তারা আগামী দিনে আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের দায়িত্ব হলো শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করে তোলা এবং খারাপ সঙ্গ থেকে দূরে রাখতে সচেতন থাকা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী করে তোলাও শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
জেলা ক্রীড়া অফিসার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন। এছাড়া ময়মনসিংহের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
শেষে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে এবং যুব সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখে। তাই সবাইকে “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই বার্তায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।