আজিজুল হক নিউটন :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা, জনসচেতনতামূলক পথসভা এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার সহযোগিতায় এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার, ময়মনসিংহের কার্যালয়ের আয়োজনে গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা নির্বাচন ও গণভোটে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গফরগাঁও উপজেলায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় ময়মনসিংহ জেলার পুলিশ সুপার সরাসরি অংশগ্রহণ করে জনসাধারণকে নির্বাচনমুখী বার্তা দেন।
নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং জনমনে নিরাপত্তাবোধ জোরদার করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে গফরগাঁও থানা এলাকায় একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, নান্দাইল থানার অফিসার ইনচার্জসহ বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, আনসার ও জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।
এ সময় জেলা পুলিশ ময়মনসিংহের পক্ষ থেকে গণভোটের প্রচারণা চালানোর পাশাপাশি সর্বসাধারণকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।