মিজানুর রহমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত একটি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
সোমবার (৮ জুন) সকালে পদুয়া ইউনিয়নের নাপিত পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. বাহাদুর আলম (৪৬) ও জাফর (৩৫) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বাহাদুর আলম নাপিত পুকুরিয়া এলাকার সুলতান তালুকদার বাড়ির ডা. সায়ের আহমদের ছেলে এবং জাফর একই ইউনিয়নের দুধ পুকুরিয়া পূর্বপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী কর্মসূত্রে মধ্যপ্রাচ্যের আবুধাবীতে অবস্থান করছেন। অভিযোগ অনুযায়ী, গত ২০২৫ এর ২৮ এপ্রিল সকালে অভিযুক্তরা ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে তার ওপর জোরপূর্বক নির্যাতনের চেষ্টা চালায়। এ সময় তিনি চিৎকার করলে অভিযুক্তরা তাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়। ঘটনার সময় ভুক্তভোগীর ছেলে ও ভাই অভিযুক্তদের দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে পরিবারের সদস্যরা আহত নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। চিকিৎসা গ্রহণের পর ভুক্তভোগী আদালতে উপস্থিত হয়ে মামলা দায়ের করেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ জানান, নারী ও শিশু নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী চলমান রয়েছে।