প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ২:৩৫ অপরাহ্ণ
নিহত দীপুর পরিবারের পাশে জেলা প্রশাসক, দ্রুত বিচারের দাবি

আজিজুল হক নিউটন :
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নিহত গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
গতকাল সোমবার (২২ ডিসেম্বর) সকালে বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে নিহতের বাবা রবি চন্দ্র দাস ও মা শেফালি চন্দ্র দাসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় জেলা প্রশাসক নিহত পরিবারের হাতে নগদ ২৫ হাজার টাকা, একটি সেলাই মেশিন, ৬০ কেজি চাল, ডাল, তেল, শুকনো খাবার, কম্বল ও রান্নার প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।
সাক্ষাতে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস সালেহীন।
নিহতের বাবা রবি চন্দ্র দাস বলেন, দীপুই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অন্যদিকে নিহতের স্ত্রী মেঘনা রানী অভাবের সংসার নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়ে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
এদিকে, মিথ্যা ও ধর্ম অবমাননার অভিযোগে দীপু দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় ময়মনসিংহ শহর ও তারাকান্দায় পৃথক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা দ্রুত সব আসামি গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একই দাবিতে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচি থেকে দীপু হত্যার ঘটনায় সাত দিনের মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়।
Copyright © 2026 দৈনিক জনতার খবর. All rights reserved.