
|
মঙ্গলবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। মন্ত্রণালয়ের পক্ষে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সহকারী সচিব ফিরোজ খান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএল ক্রিকেট আসরে বাংলাদেশের জাতীয় দলের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে—যা দৃষ্টিগোচর হয়েছে।
এতে আরও বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের এ সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ জানা যায়নি। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।
এই প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–এর সব খেলা ও অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
![]() উল্লেখ্য, ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলোর ধারাবাহিক বিক্ষোভের মুখে গত শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজুর রহমানকে কেকেআর দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। এর পরপরই কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে জানায়, তাদের স্কোয়াডে আর মুস্তাফিজ নেই।
খেলোয়াড়দের প্রতি এমন আচরণের প্রতিবাদে বাংলাদেশ সরকারের এই কঠোর অবস্থানকে দেশের ক্রিকেটপ্রেমীরা স্বাগত জানিয়েছেন। এর ফলে ২০২৬ সালের আইপিএল বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে না।
|