চট্টগ্রাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি:
মোঃ মিজানুর রহমান
রাঙ্গুনিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডে এক হৃদয়বিদারক ও রহস্যজনক ঘটনা ঘটেছে। স্থানীয় আহমদীয়া ইসলামিয়া মাদ্রাসার ছাদ থেকে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এত অল্প বয়সী শিশুর এমন অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার বিকেলে মাদ্রাসার ছাদে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শিশুটির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার পর পরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাঙ্গুনিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ভিকটিমের খালার আবেদনের প্রেক্ষিতে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ১১, তারিখ: ২৮/০৩/২৬ ইং)। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
মাত্র ১০ বছর বয়সী একটি শিশুর এমন মৃত্যু ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এটি নিছক আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে—তা নিয়ে এলাকায় তোলপাড় চলছে। বর্তমানে এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।