আজিজুল হক নিউটন :
র্যাব-১৪, ময়মনসিংহ এর সিপিএসসি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ বিদেশি মদসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) দুপুর আনুমানিক ৩ টায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরকালিবাড়ী এলাকায় শম্ভুগঞ্জ টোলপ্লাজার পাশে ময়মনসিংহ-শেরপুরগামী সড়কে চেকপোস্ট স্থাপন করে র্যাব। এ সময় শেরপুর থেকে ছেড়ে আসা একটি ক্রাউন ডিলাক্স যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রীদের ব্যাগ ও মালামাল তল্লাশি করা হয়। তল্লাশীকালে দয়াল রায় (৪৫) নামের এক যাত্রীর কাঁধব্যাগ থেকে বিদেশি মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি বাসের যাত্রীদের মালামাল রাখার লকারে আরও বিদেশি মদ লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী বাসের লকার থেকে মোট ৩৫ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে র্যাব। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব। গ্রেফতারকৃত দয়াল রায়ের বাড়ি গাজীপুর জেলার জয়দেবপুর থানায়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।