প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
ময়মনসিংহে হাওর এক্সপ্রেস ট্রেনে মধ্যরাতে ছিনতাই, ছুরি ও লুটের মালসহ আটক-২

আজিজুল হক নিউটন :
ঢাকা–মোহনগঞ্জ রুটে চলাচলকারী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি ছুরি, নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকার আজমাইন হোসেন নিঝুম (৩০) ও মো. মেহেদী হাসান তানভীর (১৮)।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশন ছেড়ে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। ময়মনসিংহ স্টেশন অতিক্রম করার পর কেওয়াটখালী এলাকায় পৌঁছালে ওই দুই যুবক ধারালো ছুরি দেখিয়ে কয়েকজন যাত্রীকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা ও স্মার্টফোন ছিনিয়ে নেয়।
হঠাৎ যাত্রীদের চিৎকারে পরিস্থিতি আঁচ করতে পেরে পাশের বগিতে থাকা রেলওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। অন্যান্য যাত্রীদের সহায়তায় তাৎক্ষণিকভাবে দুই ছিনতাইকারীকে আটক করা হয়। পরে তাদের মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
ময়মনসিংহ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আক্তার হোসেন গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।
ঘটনার পর ট্রেনে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হলেও দ্রুত পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
Copyright © 2026 দৈনিক জনতার খবর. All rights reserved.