প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
ময়মনসিংহ শহরের চরপাড়ায় নিত্যদিনের তীব্র যানজট: রোগী-জনসাধারণ চরম ভোগান্তিতে

আজিজুল হক ময়মনসিংহঃ
ময়মনসিংহ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা চরপাড়া, যা জেলার সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর অন্যতম স্থান -এখন পরিণত হয়েছে তীব্র যানজটের স্থায়ী অভয়ারণ্যে।
প্রতিদিন হাজার হাজার মানুষকে এই সড়ক দিয়ে পার হতে হয়। এখানে রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ৬টি স্বনামধন্য প্রাইভেট হাসপাতাল, প্রায় ৫০টির বেশি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। স্বাভাবিকভাবেই মানুষের উপচেপড়া ভিড় থাকে সারাদিন। আর সেই ভিড়ের সঙ্গে যুক্ত হয়েছে নিয়ন্ত্রণহীন যানবাহন- বিশেষ করে সি এন জি, মাহেন্দ্র,অটোরিকশা ও মোটরচালিত রিকশা।
ফলে মাত্র ১৫–২০ মিনিটের পথ পাড়ি দিতে লেগে যায় ঘণ্টার পর ঘণ্টা। অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায়,জ্যম এ আটকে চিকিৎসা পেতে দেরি হওয়ায় জরুরি শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। কোনো কোনো দিন এমনও হয়—যানজট এতটাই চরমে পৌঁছায় যে হেঁটে চলাও দায় হয়ে যায়।
শুধু চরপাড়া নয়, শহরের প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড়, নতুন বাজার, পাটগুদাম, টাউন হল মোড়—এসব এলাকাও একই চিত্রের সাক্ষী। সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারির যানবাহন। সাধারণ মানুষ, চাকরিজীবী, শিক্ষার্থী—সবাইকে প্রতিদিনই সহ্য করতে হচ্ছে এই দুঃসহ দুর্ভোগ।
স্থানীয়রা জানান, শহরে নিয়ন্ত্রণহীনভাবে বাড়তে থাকা অটোরিকশাই এই সংকটের প্রধান কারণ। ইতিমধ্যে প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও কার্যকর ও দ্রুত ব্যবস্থা না নেওয়ায় ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
রোগী পরিবহনকারী চালকরা বলেন, “জরুরি রোগী নিয়ে আমরা প্রায়ই আটকে যাই। কয়েক মিনিটের পথ যেতে ঘণ্টা লেগে যায়। এতে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়।”
বিশেষজ্ঞদের মতে, যানবাহন নিয়ন্ত্রণ, রুট ম্যানেজমেন্ট, ফুটপাত দখলমুক্ত করা ও নিয়মিত ট্রাফিক মনিটরিং ছাড়া চরপাড়ার সংকট কাটানো সম্ভব নয়। শহরবাসী দ্রুত প্রশাসনের দৃশ্যমান উদ্যোগ ও টেকসই সমাধান প্রত্যাশা করছে।
Copyright © 2026 দৈনিক জনতার খবর. All rights reserved.