মিজানুর রহমান, চট্টগ্রাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের একটি ভাড়া বাসা থেকে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার ১৫ নম্বর লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘাগড়াখিল এলাকার একটি বহুতল ভবনের পঞ্চম তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আসমাউল হুসনা (১৫) উপজেলার পারুয়া ইউনিয়নের জঙ্গল পারুয়া এলাকার বাসিন্দা আরিফুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় একটি বালিকা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে আগের রাতে পরিবারের সদস্যদের সঙ্গে তার মনোমালিন্য হয়েছিল। বুধবার পরিবারের অন্য সদস্যরা বাসার বাইরে থাকাকালে তিনি নিজ কক্ষে একা ছিলেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দিলে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।