মোঃ মিজানুর রহমান
প্রতিনিধি, চট্টগ্রাম (রাঙ্গুনিয়া)
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দায়ের হওয়া একটি শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মধ্য ঘাগড়া পাহাড়তলী ঘোনা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখান থেকে মো. আইয়ুব আলী (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া আইয়ুব আলী রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য ঘাগড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মো. বাদশা মিয়ার ছেলে এবং তার মায়ের নাম মমতাজ বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া মডেল থানায় দায়ের হওয়া একটি শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি তিনি। গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলার নং ১২/৩৫।
গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।