আজিজুল হক নিউটন :
ময়মনসিংহ সদর থানার আলোচিত হত্যাকাণ্ডে অবশেষে অগ্রগতি এসেছে।গতকাল শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে রিজওয়ান জাহান খাঁন রিয়াদ (২৫) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ।
র্যাব সূত্রে জানা যায়, নিহত রিয়াদের পিতা সাইদুল হক খাঁনের দায়ের করা এজাহার অনুযায়ী পূর্ব শত্রুতার জেরে গত ২৬ নভেম্বর ২০২৫ দুপুর আনুমানিক ২টার দিকে ময়মনসিংহ সদর থানার পাটগুদাম ব্রীজ মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে রিয়াদের পথরোধ করে মারধর করা হয়। একপর্যায়ে চাকু দিয়ে আঘাত করে তাকে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। স্থানীয়রা দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেদিনই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ময়মনসিংহ সদর (কোতোয়ালী) থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি কোতোয়ালী থানার মামলা নং-৭৮, তারিখ ২৭ নভেম্বর ২০২৫ খ্রি., ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০২/৩৪ পেনাল কোডে রুজু হয়। ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলে সিপিএসসি, র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে।
তদন্তের ধারাবাহিকতায় র্যাব-১৪ এর একটি আভিযানিক দল ৩১ জানুয়ারি গভীর রাতে অভিযান পরিচালনা করে। ভোর রাতে ভালুকা থানা এলাকা থেকে মোঃ জাহাঙ্গীর আলম (২২), থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। একই দিন ভোর সাড়ে ৪টার দিকে হালুয়াঘাট থানা এলাকা থেকে অপর আসামি লিংকন (২২), থানা-সদর, জেলা-ময়মনসিংহকে আটক করা হয়।
গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে।