আজিজুল হক নিউটন :
সংস্কার ছাড়া ময়মনসিংহ প্রেসক্লাবের প্রস্তাবিত নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে তা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি। আজ বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধন থেকে পরবর্তী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় নগরীর ৪৭ কাঁচারী রোডে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কার কমিটির আহ্বায়ক আজগর হোসেন রবিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শিবলী সাদিক খান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মুখ্য সংগঠক জহর লাল দে, মো. আরিফ রেওগীর, আলমগীর কবির উজ্জল খান, গোলাম কিবরিয়া পলাশ ও সুমন ভট্টাচার্য। এছাড়াও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক ইউসুফ খান লিটন, আজাহারুল আলম ও রোকসানা আক্তার। সভায় আরও উপস্থিত ছিলেন তাসলিমা রত্মা, নিহার রঞ্জন কুন্ডু, এস.এম.কে. মিজান, মো. আজাহারুল ইসলাম, আমিনুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, শিউলি রেখা, সেলিম সাজ্জাদ, জামাল উদ্দিন, এহতেশামুল আলম ও ফয়েজ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির অন্তর্ভুক্ত দেড় শতাধিক অধিকারবঞ্চিত সাংবাদিক দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে ‘প্রেসক্লাব ফর প্রেসম্যান’ নিশ্চিত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পেশাগত দায়বদ্ধতা, স্বচ্ছতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সংবাদ প্রতিবেদন, মানববন্ধন, ঘেরাও কর্মসূচি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর সমাধান হয়নি।
সভায় জানানো হয়, সুষ্ঠু সমাধানের লক্ষ্যে সংস্কার কমিটি নির্বাচন আয়োজনের আগে উভয় পক্ষের সমন্বয়ে একটি এডহক কমিটি গঠন, সাংবাদিকদের নামের তালিকা প্রণয়ন, খসড়া গঠনতন্ত্র প্রস্তুত, সম্মিলিতভাবে সাধারণ সভা (এজিএম) আয়োজনের মাধ্যমে গঠনতন্ত্র অনুমোদন ও চূড়ান্ত ভোটার তালিকা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে।