প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৯, ২০২৬, ১:০৩ অপরাহ্ণ
জামিনে মুক্তির পর ফের মাদক কারবারে নামার অভিযোগ।

আজিজুল হক নিউটন :
দিলু–সুবর্নাকে ঘিরে আতঙ্কে কৃষ্টপুর
ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকায় আদালতে বিচারাধীন একাধিক মাদক মামলার আসামি দিলু ও তার স্ত্রী সুবর্নার বিরুদ্ধে পুনরায় মাদক ব্যবসায় জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, জেল হাজত থেকে জামিনে মুক্ত হওয়ার পর তারা আবারও আগের মতো সক্রিয়ভাবে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
অভিযোগ অনুযায়ী, নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের কৃষ্টপুর এলাকার ঢাকা রেলগেট সংলগ্ন পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারকে তারা নিয়মিত পাইকারি ও খুচরা ইয়াবা কেনাবেচার কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। স্থানীয়রা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার আভাস পেলেই দিলু ও সুবর্না দ্রুত শম্ভুগঞ্জ এলাকায় নিজেদের বাড়িতে সরে যায়। এই কৌশলের কারণে তারা বারবার পুলিশের নজর এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, একসময় স্বাভাবিক জীবনযাপন করলেও অল্প সময়ের মধ্যেই দিলু ও সুবর্না বিপুল সম্পদের মালিক হয়েছে। শম্ভুগঞ্জ এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ জমি কেনার অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, এসবের মাধ্যমেই তারা এলাকায় প্রভাবশালী মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছে।
আরও অভিযোগ রয়েছে, দিলু ও সুবর্নার নিজস্ব একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ মুখ খুললেই হত্যার হুমকি ও নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়। ফলে সাধারণ মানুষ তো বটেই, অনেক ক্ষেত্রে সাংবাদিকরাও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
জানা গেছে, কিছুদিন আগে এলাকার সচেতন তরুণ সমাজ মাদক ব্যবসা বন্ধের দাবিতে প্রতিবাদে নামলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় দাঙ্গা ও হাঙ্গামার সৃষ্টি হয়। বর্তমানে কৃষ্টপুর এলাকার ঢাকা রেলগেট সংলগ্ন পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারটি কার্যত প্রকাশ্য মাদক স্পটে পরিণত হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
এ অবস্থায় এলাকার সচেতন মহল মাদক ব্যবসা বন্ধে আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত, কঠোর ও কার্যকর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
Copyright © 2026 দৈনিক জনতার খবর. All rights reserved.