
মিজানুর রহমান, চট্টগ্রাম রাঙ্গুনিয়া প্রতিনিধি:
রাঙ্গামাটির কাউখালী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত ১০ জুন দুপুরে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের রাবারবাগান ফরেনার্স পুলিশ চেকপোস্ট সংলগ্ন চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়। অভিযানে আটক ব্যক্তি হলেন মো. জাবেদ (২৩)। তার কাছ থেকে মোট ৯৯ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে। পাশাপাশি মাদক বহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
জানা গেছে, রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরীর তত্ত্বাবধানে এসআই মো. জিন্নাত খান ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কাউখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।