
অনলাইন নিউজ ডেক্সঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় মো. রিয়াজ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের বাতার গ্রামে দাঁতভাঙ্গা–রৌমারীগামী ডিসি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মো. রিয়াজ ওই গ্রামের আল আমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার পিতার সঙ্গে সড়কের পাশে কাজ করছিল। এ সময় হঠাৎ সে দৌড়ে রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশার নিচে পড়ে গুরুতর আহত হয়।
পরে শিশুটিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তার পিতা ও স্বজনরা রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মো. রিয়াজকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যুতে পরিবারসহ স্থানীয়দের মাঝে গভীর শোক ও সমবেদনার সৃষ্টি হয়েছে।