
নিউজ ডেক্স:
ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় কমিশনের একটি প্রতিনিধি দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।
এ সময় বিএনপি চেয়ারপার্সন অনুষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করেন বলে জানা গেছে।ঐকমত্য কমিশনের পক্ষে আমন্ত্রণপত্র নিয়ে যান কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও কমিশন সদস্য মনির হায়দার।
এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে এভারকেয়ার হাসপাতালে যান ঐকমত্য কমিশনের সদস্যরা। খালেদা জিয়া হাসপাতালের বিছানায় শুয়ে দাওয়াতপত্র পড়ে দেখেন।
শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার মধ্যরাত থেকে হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া।