
মিজানুর রহমান, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জয়নগর সিকদার চক এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় নিয়মিত মামলা রুজু করেছে পুলিশ। এ ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে একদল সংঘবদ্ধ ডাকাত জয়নগর সিকদার চক এলাকার বাসিন্দা মোহাম্মদ আবদুল কুদ্দুস (৫৪)-এর বাড়িতে হামলা চালায়। তিনি মৃত মুন্সী মিয়ার পুত্র এবং স্থানীয়ভাবে আবদুল কুদ্দুস মাস্টারের বাড়ির বাসিন্দা হিসেবে পরিচিত।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ডাকাতরা বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে। এ সময় তারা বাদী, তাঁর স্ত্রী ও মেয়েকে মারধর করে এবং ঘরে থাকা প্রায় ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী মোহাম্মদ আবদুল কুদ্দুস দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার মামলা নং-০১, তারিখ ০৭ জুন ২০২৬, দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলায় ৫ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা আরও ৯ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে মোঃ রকিবুল ইসলাম প্রকাশ রকি (২৬) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো আলামত বা লুট হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। তবে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ শাহিন মিয়া জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
পুলিশের দাবি, বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।