আজিজুল হক নিউটন :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশে দীর্ঘদিন ধরে বিজ্ঞান ও গবেষণাকে কেবল প্রদর্শনী বা সাজসজ্জার বিষয় হিসেবে দেখা হয়েছে। বাস্তব জীবনে এর কার্যকর প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি। ঔপনিবেশিক শাসনামল থেকেই বিজ্ঞান আমাদের জীবন ও উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে যথাযথভাবে যুক্ত হতে পারেনি।
তিনি বলেন, একটি দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে মানসম্মত ও বাস্তবভিত্তিক গবেষণার কোনো বিকল্প নেই। দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বহু দেশ গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করেই আজ উন্নতির শীর্ষে পৌঁছেছে।
আজ (১০ জানুয়ারি) শনিবার ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এ আয়োজিত “Workshop on Research Methodology for NAPE Faculties and Field Level Researchers” শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রকৃত অর্থে শিক্ষিত করে তোলা। সে লক্ষ্য অর্জনে গবেষণাকে হতে হবে শিক্ষা ব্যবস্থার উন্নয়নমুখী ও সমস্যা সমাধানভিত্তিক। গবেষণার বিষয় নির্বাচন করতে হবে মাঠপর্যায়ের বাস্তব সমস্যাকে সামনে রেখে এবং সেই গবেষণা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে, তা গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।
কর্মশালায় প্রাথমিক শিক্ষা বিভাগের মাঠপর্যায়ে গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত কর্মকর্তা, নেপের অনুষদ সদস্যসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।