আজিজুল হক নিউটন :
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলাধীন রাঙ্গামাটিয়া-বাবুলের বাজার এলাকার ‘দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা’ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী আফরোজা হেলেন। সভাপতিত্ব করেন পুনাক ময়মনসিংহের সভানেত্রী ঝুমা নাসরিন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) এস. এম. হাসান ইস্রাফীল, সহকারী পুলিশ সুপার (এসএএফ) তাহমিনা আক্তার, ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল্লাহ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুনাকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি এলাকার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মুখে হাসি ফোটায়। উপস্থিত অতিথিরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে পুনাকের এ উদ্যোগ প্রশংসনীয় উদাহরণ হয়ে থাকবে।