
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় “মহিষ পালনে পুষ্টি, প্রজনন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তির ব্যবহার” শীর্ষক তিন দিনব্যাপী খামারী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই), সাভার, ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের অর্থায়নে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বাউফল, পটুয়াখালীর সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার (৬ই নভেম্বর ২০২৫) সকাল থেকে শুরু হওয়া প্রশিক্ষণটি শনিবার (৮ই নভেম্বর ২০২৫) সমাপ্ত হয়। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন নির্বাচিত মহিষ খামারী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের ১ম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আসাদুল আলম, উপপ্রকল্প পরিচালক, মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প, বিএলআরআই, সাভার, ঢাকা এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আবু রায়হান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত), উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বাউফল, পটুয়াখালী।
প্রশিক্ষণের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন ড. মোঃ গোলাম আজম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রাণিসম্পদ দপ্তর, ঢাকা এবং বিএলআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক ড. গৌতম কুমার দেব।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. অসিত কুমার পাল, অধ্যাপক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুল হাসান মজুমদার এবং সভাপতিত্ব করেন বাউফলের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ আবু রায়হান।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা লাভজনকভাবে মহিষ পালন, উন্নত জাত নির্বাচন, প্রজনন ব্যবস্থাপনা, স্বল্প খরচে দুধালো মহিষের পুষ্টি ব্যবস্থাপনা, সুষম দানাদার খাদ্য মিশ্রণ, সাইলেজ ও ইউএমএস তৈরির কৌশল, গর্ববতী ও দুগ্ধবতী মহিষের স্বাস্থ্য ব্যাবস্থাপনা, টিকা ও কৃমি নিয়ন্ত্রণসহ মহিষের স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণ কোর্সের সমন্বয়কের দায়িত্বে ছিলেন বিএলআরআই-এর মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ কৃষ্ণ চন্দ্র বর্মন।
