শাহীনুর কবির রিপন :
ময়মনসিংহের ভালুকা উপজেলা ভূমি অফিসের চার কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্তের জোর দাবি উঠেছে। অভিযুক্তরা হলেন সার্ভেয়ার জহিরুল ইসলাম, উপ-প্রশাসনিক কর্মকর্তা রুবেল হোসাইন, সার্টিফিকেট পেশকার খাইরুল ইসলাম এবং মিউটেশন সহকারী সাজ্জাদ হোসেন।
গত ১২ মার্চ এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর নতুন করে আরও অভিযোগ সামনে আসছে। সেবাগ্রহীতাদের দাবি, এসব কর্মকর্তার কাছে তারা কার্যত জিম্মি হয়ে পড়েছেন এবং দালাল ছাড়া সেবা পাওয়া কঠিন।
অভিযোগ রয়েছে, নামজারি, দখল প্রতিবেদন ও সার্টিফিকেট সংক্রান্ত কাজে অনিয়ম করে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। ১১৭০ টাকার মিউটেশন ফি ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগও উঠেছে।
ভুক্তভোগীরা জানান, টাকা না দিলে ফাইল আটকে রাখা ও হয়রানির শিকার হতে হয়। এ পরিস্থিতিতে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।