আজিজুল হক নিউটন :
ময়মনসিংহ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১১:৩০ টার দিকে নগরীর সালেহা মার্কেট এলাকার মুম্বাইয়া রাইস মিলের সামনে থেকে তানভীর, তুহিন ও মামুন নামের ওই তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
ময়মনসিংহ ২ নম্বর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাদের গ্রেফতার করা সম্ভব হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা অতীতে বিভিন্ন সময়ে সংঘর্ষ, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ ২ নম্বর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন,
“নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত এবং অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্তদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় নিষিদ্ধ সংগঠনের কর্মীদের উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল। পুলিশের এ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।