আজিজুল হক নিউটন :
ময়মনসিংহে নিজ বাড়ির নির্মাণকাজ চলাকালে চাঁদার দাবির মুখে পড়ে হামলার শিকার হয়েছেন জনতা ব্যাংক পিএলসি.-এর চরপাড়া শাখার সিনিয়র অফিসার মো. নজরুল ইসলাম। এ ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ,(১৫ জুন) সোমবার বাড়ির নির্মাণকাজ চলার সময় স্থানীয় কয়েকজন সন্ত্রাসী তাদের কাছে চাঁদা দাবি করে। নজরুল ইসলাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার ওপর এবং তার সহধর্মিণীর ওপর হামলা চালায়। শুধু হামলাই নয়, তাদের প্রাণনাশের চেষ্টাও করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ঘটনার পর থেকে নজরুল ইসলাম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহলের মতে, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে সাধারণ মানুষের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে। তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।