আজিজুল হক নিউটন :
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে কোনো বৈধ জামিননামা ছাড়াই একটি হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারাগারের ভেতর ও বাইরে এই ঘটনাকে ঘিরে তীব্র আলোচনা চলছে, পাশাপাশি কারা কর্তৃপক্ষের দায়িত্বশীলতা ও স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।
গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ঘটনাটি ঘটে। তবে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিষয়টির সত্যতা নিশ্চিত হয়। এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অসতর্কতার কারণে ভুলবশত আসামিদের মুক্তি দেওয়া হয়েছে, যাকে তিনি ‘ভুলমুক্তি’ হিসেবে উল্লেখ করেন। তবে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, মুক্তি পাওয়া তিনজনই হত্যা মামলার আসামি ছিলেন। প্রডাকশন ওয়ারেন্টকে ভুলক্রমে জামিননামা হিসেবে ধরে নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে দায়িত্বে অবহেলার অভিযোগে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবার তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিআইজি প্রিজন্স জানান, প্রাথমিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তা ভুলের কথা স্বীকার করেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি কাজ করবে। তদন্তে যে বা যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।