
চট্টগ্রাম রাঙ্গুনিয়া প্রতিনিধি:
মোঃ মিজানুর রহমান
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পৌরসভার ইছাখালী ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুটি, জনতা ব্যাংকের রাউজান জলিল নগর শাখার ব্যবস্থাপক শাহ আলমের সন্তান। শিশুটির নাম মো. ওয়াজিহান।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশুটিকে তার মা বাসার ছাদে বালতিতে পানি নিয়ে গোসল করান। পরে তাকে নিচে এনে রেখে গৃহস্থালি কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় সবার অজান্তে শিশুটি আবার ছাদে উঠে যায়। সেখানে পানিভর্তি বালতির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত উল্টে পড়ে যায় এবং পানিতে ডুবে যায়।
কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ছাদে গিয়ে বালতির ভেতর তাকে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক। প্রিয় সন্তানের আকস্মিক মৃত্যুতে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের সবসময় নজরে রাখা এবং বাসার পানিভর্তি পাত্র নিরাপদ স্থানে রাখার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।