
নিউজ ডেক্স:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; এটি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি দিকনির্দেশনা।
তিনি আরও বলেন, এই ৩১ দফার মধ্যে নারীর অধিকার ও ক্ষমতায়ন, যুবকদের বেকার ভাতা, কৃষক-শ্রমিকদের ন্যায্যমূল্য ও অধিকার নিশ্চিতকরণসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি রয়েছে। এই কর্মসূচি বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র।
সোমবার (১৩ অক্টোবর) রাতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়ন বিএনপি আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৭, ৮, ৯ ও ১ নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে চারটি প্রাণবন্ত ও উৎসবমুখর উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বিকেল থেকে শুরু হওয়া এসব উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। প্রথম বৈঠকে পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উচ্ছ্বাসের সঙ্গে বরণ করে নেন।
এ সময় বক্তারা বলেন, এই ৩১ দফা রূপরেখা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি মুক্ত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনের রূপরেখা। উঠান বৈঠকগুলো তাই হয়ে ওঠে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি এবং আগামী দিনের পরিবর্তনের এক দৃঢ় প্রতিজ্ঞা। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, চেয়ারম্যান আবদুল হাকিম, সাবেক মেম্বার জিয়াউল হক জিয়া, ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সিদ্দিক, সাধারণ সম্পাদক ওহিদুল আলম কোম্পানি, উপজেলা শ্রমিক দল সভাপতি মোক্তার আহমদ, উপজেলা যুবদলের কামাল হোসেন, বেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের জিয়াবুল হকসহ বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।