আজিজুল হক নিউটন :
বছরের শেষ প্রান্তে কবিতার উষ্ণতায় মুখর হয়ে উঠেছিল ব্রহ্মপুত্র নদের মাঝের চর খোলা মঞ্চ।
ময়মনসিংহ সাহিত্য সংসদের আয়োজনে গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘কবিতার কর্মশালা। কবি, লেখক, সাহিত্যপ্রেমী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক মিলনমেলায়।
সকাল থেকেই কর্মশালার কার্যক্রম শুরু হয়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অতিথিদের জন্য ছিল নাশতা ও চা পরিবেশন। পরে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ আলোচনা পর্ব—‘কবিতার কাছে’ শীর্ষক এই পর্বে কবিতা, সময় ও দায়বদ্ধতা নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলে প্রকৃতিপাঠ, কবিতা চর্চা, শিশু চিত্রাঙ্কন ও খেলাধুলা। নদী, আকাশ ও খোলা প্রকৃতির মাঝখানে কবিতার এই পাঠ অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি অনুপ্রেরণা জোগায়। এরপর দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি ও দুপুরের খাবারের আয়োজন করা হয়।
বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় স্বরচিত কবিতা পাঠ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। একইসঙ্গে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়। বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। পরে বিকাল ৪টা ৩০ মিনিটে পিঠা, চা ও সমাপনী আড্ডায় মিলিত হন অতিথিরা। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে আয়োজন করা হয় সংগীতানুষ্ঠান এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানটির আহ্বায়ক ও সাধারণ সম্পাদক মোস্তফা তারেক বলেন,
“একটি দিন কবিতাময় হোক—এই ভাবনা থেকেই আমাদের আয়োজন। কবিতার মাধ্যমে মানুষের দূরত্ব কমে, হৃদয়ের ভাষা খুঁজে পাওয়া যায়।”
‘একটি দিন কবিতাময় হোক… একটি দিনে সব দূরত্ব ঘুচুক’—এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মশালাটি ময়মনসিংহের সাহিত্য অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।