আজিজুল হক নিউটন :
ময়মনসিংহে অভিযান চালিয়ে ৬৯৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৪ (র্যাব-১৪) এর সিপিএসসি আভিযানিক দল।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) আনুমানিক দুপুর ১২টা ১০ মিনিটে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানা এলাকার ঢাকা বাইপাস সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা “বৃষ্টি এক্সপ্রেস” নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে মো. জাহিদুল ইসলাম (২৬) নামে এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। তার বাড়ি শেরপুর জেলায়। পরবর্তীতে দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৬৯৪ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আটককৃত মাদক কারবারিকে উদ্ধারকৃত আলামতসহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।