
মিজানুর রহমান, চট্টগ্রাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া এলাকার ধামাইরহাট, সোনারগাঁও ৫ নম্বর ওয়ার্ডে এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও পরিবারের সঞ্চিত সম্পদ আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ায় পরিবারটি এখন মানবেতর জীবনযাপনের মুখে পড়েছে।
জানা যায়, গত ৬ জুন (শনিবার) বিকেল আনুমানিক ৪টার দিকে সোনারগাঁও দাখিল মাদ্রাসার পশ্চিম পাশে আনজু বাপের বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে, গরুর স্বাস্থ্য ভালো রাখার উদ্দেশ্যে গোয়ালঘরে কড়ের আগুন দিয়ে ধোঁয়া দেওয়া হচ্ছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে পুরো ঘর গ্রাস করে ফেলে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে মৃত আহমদ মিয়ার ছেলে মুহাম্মদ করিম (করিম ড্রাইভার)-এর বসতঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, ঘরে থাকা আসবাবপত্র, পোশাক-পরিচ্ছদ, প্রয়োজনীয় কাগজপত্রসহ দৈনন্দিন ব্যবহারের প্রায় সব সামগ্রী আগুনে পুড়ে গেছে। এক মুহূর্তের আগুনে তাদের বহু বছরের সঞ্চয় ও স্বপ্ন ভস্মীভূত হয়ে যায়।
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে মুহাম্মদ করিম ও তার পরিবার এখন চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। মাথা গোঁজার ঠাঁই এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মুহাম্মদ করিম বলেন, আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। এখন আমরা নিঃস্ব। সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলো যদি আমাদের পাশে দাঁড়ায়, তাহলে আমরা আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাব।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর সহমর্মিতা দেখা দিয়েছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন, যাতে পরিবারটি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।