
রাঙ্গুনিয়া প্রতিনিধি: মোঃ মিজানুর রহমানঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে এক কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত রমজান আলী (৪৪) ওই ইউনিয়নের দ্বারিকোপ (বাটানা পাহাড়) এলাকার বাসিন্দা এবং মৃত তালেব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলী তার স্ত্রী পিয়ারু বেগম ও পাঁচ সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। জীবিকা নির্বাহের জন্য তিনি কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য বিরোধ ও পারিবারিক অশান্তি চলছিল বলে প্রতিবেশীরা জানান।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পারিবারিক বিরোধের এক পর্যায়ে তিনি পরিবারের অগোচরে নিজ ঘরের ভেতরে বাঁশের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরে তার স্ত্রী পাশের কক্ষ থেকে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে নিচে নামান।
খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নিহতের ভাগিনা মো. আরাফাত হোসেন থানায় অপমৃত্যুর খবর দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।